বাঁশখালী ১১ হত্যাকাণ্ডের কারণ ‘জমি দখল’
জমি দখলের জন্যই হিন্দু পরিবারের ১১ সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয় বলে আদালতে সাক্ষ্যে বলেছেন ওই পরিবারের এক সদস্য।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মং এর আদালতে দেয়া সাক্ষ্যে এ কথা বলেন সাক্ষী নির্মল শীল। তিনি মামলার বাদি বিমল শীলের ছোট ভাই।
সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আংশিক জেরা করা হয়। পরে আদালত আগামী ২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নির্মল শীল বলেন, “ভিটেমাটি দখলের জন্য আমিন চেয়ারম্যানসহ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে আগুন দেয়। তারা নির্মমভাবে শিশুসহ ১১ জনকে পুড়িয়ে মেরেছে।”
স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এলাকায় তিনি আমিন চেয়ারম্যান হিসেবে পরিচিত।
মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন হয়নি।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালতের স্থগিতাদেশের মেয়াদ আরো এক বছর বেড়েছে বলে জানতে পেরেছি।”
ঘটনার রাতের বর্ণনা দিয়ে আদালতে নির্মল শীল বলেন, “রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বড় ভাই (বিমল শীল) টেলিফোনে আমাকে জানান বাড়িতে আগুন দেয়া হয়েছে।
“আমি রাতেই টেক্সি নিয়ে শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা হই। সকাল ছয়টার দিকে পৌঁছে দেখি আমাদের বাড়িতে আগুন জ্বলছে।”
ঘটনার দিন সকাল সাতটার দিকে থানার ওসি ঘটনাস্থলে আসেন বলেও জানান নির্মল শীল।
বড় ভাই বিমল শীলের কাছ থেকে শোনা ঘটনার বর্ণনা দিয়ে নির্মল শীল বলেন, আগুনের লেলিহান শিখায় চার দিন বয়সী শিশুসহ ১১ জন ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনায় নিহতরা হলেন- তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল বালা শীল (৬০), তাদের ছেলে অনিল শীল (৪২), অনীলের স্ত্রী স্মৃতি রাণীশীল (৩০), অনিলের মেয়ে রুমি শীল (১১) ও মুনিয়া শীল (৭), তেজেন্দ্রের ছোট ভাইয়ের মেয়ে বাবুটি শীল (২৫), প্রসাদী শীল (১৭), অ্যানি শীল (১৫), চার দিন বয়সী শিশু কার্তিক শীল এবং তেজেন্দ্রের বেয়াই দেবেন্দ্র শীল (৭৫)।
২০০৩ সালের ১৮ নভেম্বরে রাতে ঘটনার পর তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল বাদি হয়ে মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘূরে অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হ্লাচিং প্রু ২০০১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এরপর ওই বছরের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এতে ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
কিন্তু রাষ্ট্রপক্ষ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আগের অভিযোগ বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের আবেদন জানায়।
এরপর ওই বছরের ১৯ এপ্রিল এ হত্যা মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে আদালত।
এরপর বাদির আবেদনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। নির্ধারিত সময়ে সেখানে নিষ্পত্তি না হওয়ায় মামলাটি আবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে ২০১৩ সালের নভেম্বরে।
