শরণখোলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুজ্জামান (৩২) এবং তার সমর্থক শাহজাহান (৪০)।
হাসানুজ্জামান শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে, তিনি দলের সমর্থিত প্রার্থী নন।
শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক বলেন, শরণখোলা উপজেলা কৃষক ণীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মিলনের সমর্থকদের উপর হামলার মামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান প্রধান আসামি।
উপজেলার চালিতাবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার গভীর রাতে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি সেতুর উপর হামলা হলে এক নারীসহ অন্তত ১২ জন আহত হয়।
হামলার ঘটনায় আসাদুজ্জামানের সমর্থক খালেক হাওলাদার বাদী হয়ে হাসানুজ্জামানসহ ১৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা করেন।
