২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যা হলে ব্যবস্থা নেব: আইনমন্ত্রী

অনুসন্ধানের পর বিচারবহির্ভূত হত্যার কোনো প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সাক্ষাতের পর আনিসুল সাংবাদিকদের বলেন, “এই সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সেই কারণে আমরা বিচারবহির্ভূত হত্যার ব্যাপারে কঠোর। বিচারবহির্ভূত হত্যা হতে দেব না।

“আমরা বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না- এই পরিষ্কার কথা উনাদের (তিন রাষ্ট্রদূত) জানিয়ে দিয়েছি। যদি দেখা যায় বিচার বহির্ভুত হত্যা হয়েছে সেটা আইনানুগভাবে মোকাবেলা করে ব্যবস্থা নেয়া হবে।”

বিচারবহির্ভূত হত্যা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, “বিচারবহির্ভূত হত্যা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক তথ্য-উপাত্তও আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এনিয়ে বসেছি, তথ্য জানার চেষ্টা করছি। এটা জানার পরে সত্যি সত্যিই আমি আপনাদের সামনে তা তুলে ধরব।

“আমি আবারো বলছি- বিচারবহির্ভূত হত্যা হয়ে থাকলে, এরকম একটা নজিরও পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযোগ থাকলেও এই অভিযোগে এখনো কোনো মামলা হয়নি জানিয়ে সংশ্লিষ্টদের মামলা করার অনুরোধ জানান আইনমন্ত্রী।

‘যুদ্ধাপরাধীদের মুত্যুদণ্ডে আপোষ নয়’

মৃত্যুদণ্ড নিয়ে কথা উঠলেও একাত্তরের যুদ্ধাপরাধী ও মানববতাবিরোধী অপরাধীদের বিচারে সরকারপক্ষ মৃত্যুদণ্ডই চাইবে বলে জানান আইনমন্ত্রী।

তিন কূটনৈতিককে মন্ত্রী জানিয়েছেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও মানববতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রণীত আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে।

“স্বাধীনতার সময় যেসব নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেসব নির্মম হত্যাকাণ্ডের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে। তাই এসব বিচারে মৃত্যুদণ্ড নিয়ে আমরা আপোষ করব না।”

এসব অপরাধের বিচারে সরকার একটা পক্ষ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রসিকিউশন যখন থাকবে তখন তারা মৃত্যুদণ্ডই চাইবে। আদালত কোন শাস্তি দেবেন সেটা আদালতই বুঝবেন। কিন্তু চাওয়ার সময় সরকার মৃত্যুদণ্ডই চাইবে। এ ব্যাপারে আপোষ করার কোনো প্রশ্নই ওঠে না।

মৃত্যুদণ্ড নিয়ে ভবিষ্যতে ‘চিন্তাভাবনা’ করা হবে জানিয়ে আনিসুল রাষ্ট্রদূতদের বলেছেন, ভবিষ্যতে যদি ক্রিমিনাল আইন করা হয় সেখানে যেন মৃত্যুদণ্ডাদেশ না থাকে এনিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। আইসিটির ব্যাপারে কোনো আপোষ নয়।

দশ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্তদের নিয়ে আইনমন্ত্রী রাষ্ট্রদূতদের বলেছেন, “আপনাদের দেশকে যদি সন্ত্রাসী রাজ্য বানানোর প্রয়াস চলত তাহলে কি আপনারা সহ্য করতেন? উনারা বলেছেন, না সহ্য করতাম না।”

সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়েও রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, “সিভিল সোসাইটির বাক স্বাধীনতা আছে। টেলিভিশনের টক-শোতে তারা বক্তব্য পেশ করছেন এবং যেসব বক্তব্য মনে হয় বিবেচনায় আনা উচিত তা বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়গুলো তাদের জানিয়েছি।”