দিনাজপুরে বাস খাদে, স্কুল ছাত্রীসহ নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাস খাদে পড়ে এক স্কুল ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে ‘বর্ষা ফার্ম’ এলাকায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, আহত পাঁচজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতরা হলেন বীরগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামের জয়দেব রায়ের মেয়ে সোমা রানী রায় (১৪) এবং কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের আনন্দ রায়ের স্ত্রী মালতী রানী রায় (৬৫)।
সোমা ‘বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নবম শ্রেণির ছাত্রী ছিল।
আহতরা হলেন-বেলাল (৩৫), দিলরোজ বেগম (৭৫), শাওন (২৪), আব্দুর রশিদ (৪০) ও বীনা রানী (৪১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি বীরগঞ্জ থেকে যাত্রী নিয়ে রংপুরের পীরগঞ্জ যাচ্ছিল।
সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর বাসটি খাদ থেকে উদ্ধার করে। তবে সেখানে কোনো যাত্রী আটকা পড়েনি।
লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
