কাশিমপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মির্জা মো. হাবিবুর রহমান (৬২) পিলখানায় বিডিআর সদরদপ্তরে জওয়ানদের বিদ্রোহের সময় ১৩ নম্বর সেক্টরে ডিএডি পদে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট সদরের ফুলতলা গ্রামের মৃত মির্জা মো. শহিদুল্লাহর ছেলে।
কাশিমপুর হাইসিকিউটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফারদিন জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে হাবিবুর রহমান বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কাশিমপুর কারা হাসপাতাল এবং পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হাবিবুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম জানান।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
