২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চে অগ্নিকাণ্ড

চাঁদপুর লঞ্চ ঘাটে এমভি ঈগল-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 12:13 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

লঞ্চের সুপারভাইজার মো. জামাল হোসেন জানান, যাত্রী ওঠানোর জন্য রোববার ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চটি ঘাটে ভিড়ানোর সময় হঠাৎ তিনতলায় আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলা পুড়ে গেলেও যাত্রী না থাকায় কেউ হতাহত হননি বলে জামাল হোসেন জানান।

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লঞ্চের তিনতলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তারা।

লঞ্চ সুপারভাইজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে তিনতলা লঞ্চের সবগুলো এসি, আসবাবপত্র, দোকান, ফ্রিজ, নিয়ন্ত্রণ কক্ষ এবং দ্বিতীয় তলার সবগুলো এসি পুড়ে গেছে।”

আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করলেও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।