২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাসার বাবুর্চি আমার চেয়ে বেশি ভোট পেত’

দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে প্রার্থী থাকলেও নির্বাচন করেননি বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ লালমনিরহাটে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের বলেন, “১০ম সংসদ নির্বাচনে আমি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের প্রার্থী ছিলাম। কিন্তু আমি নির্বাচন করিনি। তাই মাত্র আট হাজার ভোট পেয়েছিলাম।

“আমার বাসার বাবুর্চি নির্বাচন করলে এর চেয়ে বেশি ভোট পেত। তাই আগামী সংসদ নির্বাচনে আমি এই আসন থেকে আবারো নির্বাচন করব, আর আপনারা আমার সাথে থাকবেন।”

“সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হয়েছে, এতে জাতীয় পার্টির কী ভূমিকা ছিল, তা আপনারা সবাই জানেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

তবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে বিএনপিকে পেছনে ফেলে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এরশাদ।

এরশাদ আরও বলেন, লালমনিরহাট জাতীয় পার্টির দুর্গ ছিল, এখনো দুর্গ আছে, ভবিষ্যতেও থাকবে। আগামী নির্বাচনে এ কথার প্রমাণ হবে।

তিনি রংপুর ও লালমনিরহাটসহ এ অঞ্চলের জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকসহ সবার সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানান।

চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতাকর্মীদের যাকে ভালো লাগে তাকেই ভোট দেয়ার আহ্বান জানান।

গত বুধবার অনুষ্ঠিত ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচনে জাপা ভাল ফল না করা প্রসঙ্গে তিনি বলেন, যেসব স্থানে জাতীয় পার্টি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিয়েছিল, সবখানেই দলের একাধিক প্রার্থী ছিল। ফলে ফল বিপর্যয় হয়েছে।

লালমনিরহাট শহরের সদর হাসপাতাল রোডে তার ভাই জি এম কাদেরের বাসভবন এবং পাটগ্রাম উপজেলা পরিষদ ডাক বাংলো চত্বরে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সকাল ১১টায় সড়কপথে এরশাদ রংপুর থেকে লালমনিরহাট আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।