মাদারীপুরে ধর্ষণ: বিচার চেয়ে ঢাকায় মানববন্ধন
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ওই শিক্ষার্থীর স্কুলের সাবেক ছাত্র-ছাত্রীরা।
রাজৈর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শুক্রবার শাহবাগে এই মানববন্ধন করেন।
গত বৃহস্পতিবার রাজৈরের বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বদরপাশা গ্রামের ফেরদৌস শেখ ও রোমান মিয়াসহ তিন জন অস্ত্রের মুখে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে বলে আন্দোলনকারীরা জানান।
মেয়েটি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে জানিয়ে সোহাগ হাওলাদার নামে এক আন্দোলনকারী বলেন, “মেয়েটির ওপর এই নির্যাতনের পর কোনো বিচার হচ্ছে না। বরং তার পরিবারকে এখন নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।”
ধর্ষকদের গ্রেপ্তার চেয়ে মোহাম্মাদ আলী নামে আরেকজন বলেন, “ওই মেয়েটির মতো আমরা আর কোনো মেয়েকে এমন নৃশংস ঘটনার বলি হতে দিতে চাই না। সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।”
মানববন্ধনে মাদারীপুরের রাজৈর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি ওই জেলার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
