রূপনগরে হেলে পড়েছে ভবন
রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়ায় আতঙ্কে বেরিয়ে এসেছেন বাসিন্দারা।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে ওই এলাকার ২০ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনটি সামান্য হেলে গেছে বলে তারা খবর পান।
“ভবনটি পেছন দিকে সামান্য হেলে পড়েছে বলে মনে হচ্ছে। নিচতলার একটি জানালাও বেঁকে গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।”
পরিদর্শক মাহবুব জানান, ভবন হেলে পড়ার বিষয়টি টের পেয়ে বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”
ওই বাড়ির মালিক কে, ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়েছিল কিনা- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
