বিজ্ঞান চর্চায় বাংলা চান জাফর ইকবাল
বাংলাকে বিজ্ঞানের ‘অন্যতম ভাষায়’ রূপান্তরে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কথা সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের প্রথম প্রজন্ম মহান বাংলাকে রক্তের বিনিময়ে রাষ্ট্র ভাষা হিসেবে উপহার দিয়ে গেছেন। দ্বিতীয় প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা দিয়ে গিয়েছে। এই ভাষা ও স্বাধীনতাকে রক্ষা করা নতুন প্রজন্মের দায়িত্ব।”
জাফর ইকবাল বলেন, “শোক আমাদের শক্তি। সারা বিশ্ব আজ বাংলা ভাষাকে স্মরণ করে। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। আমরা চাই বাংলা হোক বিজ্ঞানের অন্যতম ভাষা।”
তরুণ প্রজন্ম এ যাত্রা শুরু করেছে জানিয়ে তিনি ‘পিপীলিকা’ নামে বাংলা সার্চ-ইঞ্জিনের উদাহরণ দেন।
পিপীলিকা বাংলাদেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন যা বর্তমানে বিভিন্ন বাংলাভাষী সংবাদপত্র ও ব্লগের তথ্য খুঁজতে সহায়তা করে।
তিনি বলেন, “আমাদের দেশে যথেষ্ট যোগ্য ও মেধা সম্পন্ন তরুণ আছে। ওরা এগিয়ে এলে বাংলাকে বিজ্ঞানের অন্যতম ভাষা করা সম্ভব।”
এজন্য তিনি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণিতে বিজ্ঞানের পাঠ্য বিষয়গুলোকে বাংলা ভাষায় রূপান্তর করার আহ্বান জানান।
এবারের শহীদ দিবস ও আর্ন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তরুণ প্রজন্ম ও সরকারের কাছে এটাই প্রত্যাশা বলে জানান তিনি।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেও একই ভাষ্য মিলল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ছাত্র কায়কোবাদ বলেন, “আমাদের অনেকই বিদেশে গিয়ে সেদেশের ভাষায় বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি নিয়ে আসে। অথচ নিজ দেশে আমরা অন্য মাধ্যমে বিজ্ঞান শিখি।”
এটি বাংলা ভাষার এক প্রকার অপমান বলেই দেখেন তিনি।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের মাস্টার্সের ছাত্র সৈয়দ মোনায়েম বলেন, জার্মান, সুইডিসসহ বিভিন্ন দেশে নিজ ভাষায় বিজ্ঞান চর্চা করে বিশ্ববিজ্ঞানকে নেতৃত্ব দিচ্ছে।
আর অন্যের ভাষায় তা চর্চা করে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
