২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাক-বাহিনীর বিচারে মার্কিন সরকার ও কংগ্রেসকে চাপ দিতে হবে'

একাত্তরে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী পাক-বাহিনীর বিচারের জন্য যুক্তরাষ্ট্রকে সোচ্চার করতে হলে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি জে ব্যাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 12:59 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা 'দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড'-এর লেখক তিনি।

বইটিতে  মুক্তিযুদ্ধের সময়ে ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের ওয়াশিংটনে পাঠানো টেলিগ্রাম এবং বাংলাদেশ প্রসঙ্গে দেশটির তখনকার প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরী কিসিঞ্জারের  টেলিফোন আলাপের  রেকর্ড তুলে ধরা হয়েছে। আর এর ভিত্তিতেই একাত্তরে বাংলাদেশে পাক-বাহিনীর চালানো গণহত্যার বিষয়টি সামনে চলে এসেছে।

বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বইটি নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার পর প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন লেখক লেখক গ্যারি জে. ব্যাস।

একাত্তরে বাংলাদেশে মুক্তিকামী মানুষের ওপর পাকিস্তানি সেনাদের গণহত্যার ব্যাপারে যুক্তরাষ্ট্রের  দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কিনা- গ্যারি ব্যাসের কাছে তা জানতে চান জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি এ কে এ মোমেন।

জবাবে গ্যারি বলেন, "প্রেসিডেন্ট নিক্সনের তুলনায় প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক বেশি উদার এবং গণতান্ত্রিক। তবে একাত্তরে বাংলাদেশের গণহত্যার জন্যে সরাসরি দায়ী পাকিস্তানি বাহিনীকে বিচারের ব্যাপারে হোয়াইট হাউস এবং মার্কিন কংগ্রেসের ভূমিকা অপরিসীম। এ ব্যাপারে প্রচন্ড চাপ সৃষ্টি করতে হবে এ দুটি প্রতিষ্ঠানের উপর।"

৪৯৯ পৃষ্ঠার 'দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড'-এর মূল্য হচ্ছে ৩০ ডলার।

আলোচনা অনুষ্ঠানে জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়াম, জাপান, জার্মানী, বুলগেরিয়া, ইটালি, রাশিয়ান ফেডারেশন, আর্মেনিয়া, কাতারের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল, শান্তিরক্ষা মিশন, হিউম্যান রাইটস ওয়াচ, কলম্বিয়া ইউনিভার্সিটি, আন্তর্জাতিক রেডক্রস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন কয়েকটি এনজিওর শীর্ষ কর্মকর্তারা ও সাংবাদিকরা এ অনুষ্ঠানে যোগ দেন।