জুনে পদ্মা সেতুর কার্যাদেশ: ওবায়দুল কাদের
কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুন মাসের শেষে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কারিগরি প্রস্তাব মূল্যায়ন শেষ পর্যায়ে রয়েছে। জুনে মূল সেতুর কার্যাদেশ প্রদান করা হবে।”
“নির্বাচন চলে গেছে, জনগণকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেব না। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারব,” বলেন তিনি।
এসময় সেতুর অর্থায়ন নিয়ে ‘রাজনীতি’ না করতে সবার প্রতি অনুরোধ জানান যোগাযোগ মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতুর জন্য শিগগির মাওয়া প্রান্তে ৯০ কোটি টাকা ব্যয়ে নদীর তীররক্ষা কাজ শুরু হবে। পরবর্তীতে বর্ধিতভাবে নদীর তীররক্ষার কাজ করা হবে। এতে সর্বমোট ব্যয় হবে প্রায় ৭০০ কোটি টাকা।"
আগামী অগাস্ট মাসে এর কার্যাদেশ দেয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো.সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
