২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আ. লীগ নেতাকে মারধরে যুবলীগকর্মী

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় আওয়ামী লীগ এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে যুবলীগেরকর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 11:23 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

মঙ্গলবার সকালে ওই ঘটনার পরদিন মারধরের শিকার থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দলের কাছেও অভিযোগ দিয়েছেন তিনি।

সৈয়দ আহমেদ পাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তিনি স্ত্রীকে নিয়ে প্রয়োজনীয় কাজে একটি সরকারি প্রতিষ্ঠানে যান।

“সেখানে হঠাৎ করেই যুবলীগকর্মী বাদশার নেতৃত্বে কয়েকজন যুবক আমাকে এবং আমার স্ত্রীর ওপর চড়াও হয়। তারা আমাদের গালাগাল এবং মারধর করে।”

“যুবকরা আমাকে মোহাম্মদপুর এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়,” বলেন তিনি।

হামলাকারীরা আওয়ামী লীগের স্থানীয় এক নেতার পরামর্শে এই ঘটনা ঘটালেও তারা যুবলীগের ছত্রছায়ায় থাকে বলে অভিযোগ করেছেন পাইন।

তবে পাইনের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও তাকে মারধরের কোনো ঘটেছে কিনা সে সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান।

তিনি বলেন, “তাকে শুধু জুতা দেখানো হয়েছে। তাছাড়া স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তার কাছে মাফও চেয়েছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানক তার বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন।”

“এরপরও পাইন আমাদের কাছে অভিযোগ করেছেন। থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে।”

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় বুধবার জিডি করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।