ফরিদপুর সদর নির্বাচনে আ.লীগ দ্বিধাবিভক্ত
তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পাল্টা প্রার্থীর নাম ঘোষণা করছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এক পক্ষ এ ঘোষণা দেন।
ফরিদপুর সদর উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের মহিল বিষয়ক সম্পাদিকা ঝর্না হাসানকে চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সাধারণ সম্পাদক ডা. নাদিম হোসেন এবং ফরিদা ইয়াসমিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক ভোলা মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দিন, সাধারণ সম্পাদক অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সাধরণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরআগে গত ১৩ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের আওয়ামী লীগের অপরপক্ষ তাদের প্রার্থী চূড়ান্ত করে।
শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে ওই প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে সদর ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের সমর্থনে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে চেয়ারম্যান, কোতয়ালী আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামসুল আলম চৌধুরীকে ভাইস চেয়ারম্যান ও ফরিদা ইয়াসমিনকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থী তালিকায় দুইপক্ষই মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর কাউন্সিলর ফরিদা ইয়াসমিনকে সমর্থন জানায়।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবল সাহা, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক খসরুজ্জামান দুলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, খায়রুদ্দিন মিরাজ, শওকত আলী জাহিদ ও অন্যরা।
এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, “১৩ ফেব্রুয়ারি বর্ধিত সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেখানে তৃণমূলের সবার মতামত নিয়েই প্রার্থিতা ঘোষণা করা হয়।
“এই সিদ্ধান্ত দলের কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি যেহেতু এর সঙ্গে দ্বিমত করেনি, কাজেই এটাই সঠিক বলে আমি মনে করি।”
