লামার ইউপি সদস্য মাদকসহ গ্রেপ্তার
তিন হাজার ইয়াবা বড়িসহ বান্দরবানের লামা উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর মইজ্জার টেক এলাকায় ‘খাজা গরীবে নেওয়াজ’ হোটেলের সামনে থেকে গ্রেপ্তার মং ম্রা সিং মারমা (৩৫) গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের কর্মকর্তারা।
দুপুরের দিকে বাসে করে লামা থেকে ওই হোটেলের সামনে নেমেছিলেন ইউপি সদস্য মং।
ওই সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট থেকে প্রতিটিতে ২০০ টি করে ১৫ টি পুঁটলিতে রাখা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান অধিদপ্তরের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক বজলাল চাকমা।
মংয়ের বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বজলাল।
