২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হজে দুই বিমান সংস্থাকে নির্দিষ্ট করা অবৈধ’

কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

একটি রিটের চূড়ান্ত শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

আদালতে রিটকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

২০১৩ সালের গত ২৪ এপ্রিল হজ সংক্রান্ত এক সভার সিদ্ধান্ত হয়, ২০১৩ সালে কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজযাত্রী রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্ত্বাধীকারী আব্দুল কবির খান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক রিট আবেদন করলে ওই বছরের ২৯ জুলাই হাই কোর্ট রুল দেয়।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে যে কোনো এয়ারলাইনসের ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার অনুমতি দেয় হাই কোর্ট।

পরে ওই আদেশ স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্টে এই রায় এলো।

রিট আবেদনে বলা হয়, কেবল দুটি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত ‘কম্পিটিশন অ্যাক্ট-২০১২’ এর সঙ্গে সাংঘর্ষিক। ওই সিদ্ধান্তের ফলে টিকেট পেতে কেবল দুটি বিমান পরিবহন সংস্থার ওপর নির্ভর করতে হয়। এ ধরনের ‘মনোপলি’ সৃষ্টি করার মতো কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি।