২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে আছে শতশত যাত্রীবাহী পরিবহন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 10:23 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ে রাস্তায় ব্যারিকেড দেয়ার পর থেকেই এই জট বাঁধে, যা এখনো ছাড়ানো সম্ভব হয়নি।”

এদিকে দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেককেই হেঁটে গন্তব্যের পথে রওনা হতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, রাস্তার দুই পাশের গাড়ি আটকা পড়ায় জট ছাড়াতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ঢাকামুখে কুমিরা থেকে বড় দারোগারহাট পর্যন্ত জট রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রামমুখে বারৈয়ারহাট থেকে মিরসরাই পর্যন্ত এলাকার সড়কে গাড়ির জট রয়েছে।

জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মেহেদি হাসান জানান, যানজটের পাশাপাশি গাড়ির চাপ বেশি থাকায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।