২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের গৌরনদীতে আ’লীগ বিজয়ী, অন্যটিতে এগিয়ে

প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের দুটি উপজেলায় একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরটিতেও বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 03:28 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বুধবার গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত তথ্য অনুযায়ী, গৌরনদী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহ আলম খান। তিনি ৬৮,০১৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবুল হোসেন মিয়া পেয়েছেন ৩,২৫৮ ভোট।

এই উপজেলায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ফরহাদ হোসেন পেয়েছেন ৬৮,০০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসানের প্রাপ্ত ভোট ২,৪৮৮।

৬৬,৫১৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুন নাহার মেরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাসলিমা পারভীন পেয়েছেন ৬,০১৩ ভোট।

এদিকে, বাকেরগঞ্জ উপজেলায় ৯৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১টি ভোট কেন্দ্র স্থগিত থাকায় এই উপজেলার পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেননি রিটার্নিং অফিসার।

তবে ঘোষিত ৯৩টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ভোটের দিক থেকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল আলম। প্রাপ্ত ভোট ৫৫,৮১৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান পেয়েছেন ১৬,০৫৬ ভোট।

পুরুষ ভাই চেয়ারম্যান পদে ৩৪,৬৯৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ১৪ দল সমর্থিত প্রার্থী জিএম ফারুকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন হাওলাদারের প্রাপ্ত ভোট ২১,৭৩১।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত তহমিনা বেগম পেয়েছেন ৪৫,৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খাদিজা বেগম পেয়েছেন ২৭,৫০২ ভোট।

বরিশালের রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, বেসরকারিভাবে গৌরনদী উপজেলার ফলাফল ঘোষণা করা হয়েছে।

তবে বাকেরগঞ্জ উপজেলার দুধল ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেটি স্থগিত থাকায় এ উপজেলার ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।

নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে পরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

দুধল ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,২১৫ জন।