২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের মামলায় ৪ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে মাসহ দুই সন্তান হত্যা মামলায় সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় সাক্ষী চার চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

ওই চার সাক্ষী হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ কুমার নাথ, ওই বিভাগের প্রভাষক ডা. আব্দুর রউফ, চমেক প্যাথলজি বিভাগের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. মাহে শায়েস্তা মোশাররাত এবং ঢাকা মেডিকেল কলেজের ডিএনএ বিশ্লেষক ডা. মো. মাহমুদ হাসান।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের সমন অনুসারে সাক্ষীরা হাজিরা দিতে না আসায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অব উইটনেস (গ্রেপ্তারি পরোয়ানা) জারি করা হয়েছে।

আদালতসূত্র জানায়, দুই দফা সমন জারির পরও চার চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি বিচারক তাদের বিরুদ্ধে অজামিনযোগ্য সমন জারি করেন।

এরপর বুধবার নির্ধারিত তারিখে সাক্ষীরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

একইসঙ্গে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত।

২০১২ সালের ২৩ অক্টোবর নগরীর খতিবের হাট এলাকায় মা-মনি ভিলা নামের ভবনের পঞ্চম তলায় ডলি আক্তার (৩০), তার ছেলে আলভি (১০) ও মেয়ে আদিবা পায়েলকে (৬) হত্যা করা হয়।

ঘটনার দুই দিন পর হত্যার অভিযোগে গৃহশিক্ষক তারেক চৌধুরীকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ডলি আক্তারের স্বামী আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেন বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশ গৃহশিক্ষক তারেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ৫৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।