‘জালিয়াতির’ অভিযোগ থাকলেও সন্তুষ্ট ইসি
ভোট কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগ থাকলেও ‘সহিংসতা ছাড়া’ প্রথম দফায় ৯৭ উপজেলায় নির্বাচন করতে পেরে সন্তুষ্ট নির্বাচন কমিশনের কর্তারা।
বুধবার বিকালে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ এ সন্তোষের কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো সহিংসতা ও বড় গোলযোগ ছাড়াই এ নির্বাচন হয়েছে। উই আর হ্যাপি।”
আবু হাফিজ বলেন, আগের স্থানীয় নির্বাচনগুলোর মতো এবারও ভোটার উপস্থিতি বেশি হবে আশা করেছিলেন তিনি। তবে এবার ভোটার উপস্থিতি ‘অন্যান্যবারের’ চেয়ে অপেক্ষাকৃত কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় নির্বাচনে ব্যাপক সহিংসতার পর এখনো ভোটারদের ভীতি না কাটায় উপস্থিতি কম হতে পারে বলে মনে করছেন এই নির্বাচন কমিশনার।
এছাড়া উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা পূরণ না হওয়া, সাংসদ-চেয়ারম্যান দ্বন্দ্বও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা তার।
সর্বশেষ তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৬৮ শতাংশ ভোট পড়ে। গেল বছর রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে গড়ে ৬৯ শতাংশ ও গাজীপুরে গড়ে ৬৩ শতাংশ ভোট পড়ে।
তবে প্রথম ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় আগামীতে আরো ভোটার উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেন আবু হাফিজ।
“দীর্ঘ একবছরের আন্দোলনে মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছিল। সংসদ ভোটের সময়ও ছিল সহিংসতা। এরপর উপজেলা ভোট। কিন্তু সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো। সব কিছু নিয়ে উই আর হ্যাপি,” বলেন তিনি।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ভোটের সময় যখনই কোনো অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে তার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ছয় জেলার আট উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি।
গণমাধ্যমকে অনুমান করতে বললেন সিইসি
সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ভোট সুষ্ঠু হয়েছে।
এছাড়া বেশিভাগ ক্ষেত্রেই ভালো ভোট পড়েছে বলে জানালেও ভোট পড়ার হার নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
সিইসি বলেন, “কতো শতাংশ ভোট পড়েছে তার স্ট্রেটকার্ট কোনো হিসাব আগে থেকে থাকে না। সাংবাদিকরা জানতে চাইলে ব্যালটের মুড়ি দেখে ভোট কতো পড়েছে তা হয়তো ভোটগ্রহণ কর্মকর্তারা বলতে পেরেছে।
“কিন্তু ইসি থেকে সে বিষয়ে জানা যায় না। লিখিত ফল না পেলে তা ঘোষণা করাও যায় না। তাই অনুমান নির্ভর কোনো তথ্য দিতে পারবো না। আপনারা অনুমান করেন। সবাই মিলে অনুমান করলে একটা ফিগার পেয়ে যাবেন।”
‘ভালো’ ভোট
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারো অনেক প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। ইসির কাছে সবাই নির্দলীয়, কারণ কোনো দলীয় প্রতীক দেয়া হয় না প্রার্থীদের। বেশিরভাগ ক্ষেত্রে সকাল থেকে ভালো ভোট হয়েছে। কোথাও সকালে না হলেও বিকেলে ভালো ভোট হয়েছে।
নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রভাব বিস্তারের অভিযোগ প্রসঙ্গে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “সব অভিযোগই সমান গুরুত্বপূর্ণ। এটা দলীয় নির্বাচন নয়, তাই দল কি অভিযোগ করলো তা বড় বিষয় নয়।
“তাই কোনো প্রার্থী অভিযোগ করলে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেই কেবল তা আমলে নেয়া হবে।”
ইতোমধ্যে অনেক অভিযোগই আমলে নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় নয়। আমরা আমাদের কাজ সুচারুভাবে করেছি, যা যা করা দরকার সবই করেছি।নির্বাচনী মালামালসহ সব উপকরণ সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ভোটার উপস্থিতি প্রার্থীদের ব্যাপার।”
তিনি বলেন, অনেককে শাস্তি দেয়া হয়েছে, ধরপাকড় করা হয়েছে। তবে এখনই সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না।
“একজনকে তিন মাসের জেল, অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, নবাবগঞ্জ, সুনাতলাসহ বিভিন্ন জায়গার কয়েকটি ভোটকেন্দ্রে নির্বাচন বন্ধ করা হয়েছে। যেহেতু ব্যালট পেপার পুড়ে গেছে সেখানে নির্বাচন বন্ধ করেছি,” বলেন সিইসি।
