খাগড়াছড়ির ১৪৫টি কেন্দ্রের ১২৮টিই ঝুঁকিপূর্ণ
খাগড়াছড়ির ৬ উপজেলার ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছে আইনশৃংখলা বাহিনী।
খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, ৬ উপজেলায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
খাগড়াছড়ি সদর, মহালছড়ি, রামগড়, মানিকছড়ি, মাটিরাঙ্গা ও পানছড়ি এই ৬ উপজেলা পরিষদে বুধবার নির্বাচন হচ্ছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এ জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খাগড়াছড়ি থেকে ‘পার্বত্য জেলা’ শব্দগুচ্ছ বাদ দেয়ায় নিন্দা
খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব জানান, ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২ প্লাটুন ও রিজার্ভ ৪ প্লাটুনসহ ১৬ বিজিবি মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর টহলও থাকছে।
এদিকে, খাগড়াছড়ির ৬ উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।
ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে সেনা ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সসহ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক মো. আব্দুল খালেক জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্ততি নেওয়া হয়েছে।
প্রতিটি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
“কোন প্রার্থী আচারণ বিধি লংঘন করছেন না কিনা তার জন্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচন পরবর্তী যেকোন সহিংসতা মোকাবেলায় নির্বাচনের দুদিন পরও আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে।”
খাগড়াছড়ির ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ ছাড়াও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ, জেএসএস সমর্থিত এবং নির্দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খাগড়াছড়ির ৮টি উপজেলার মধ্যে বুধবার প্রথম দফা অনুষ্ঠিতব্য ৬ উপজেলায় ৩ লাখ ১৩৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৪৭৯ এবং নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫৯ জন। ভোট কেন্দ্র ১৪৫ এবং বুথ ৯০৪টি।
