হাটহাজারীতে দুই দলেরই একাধিক প্রার্থী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির আছে একাধিক প্রার্থী। মিরসরাইতে বিএনপির একক প্রার্থীর বিপরীতে লড়বেন আওয়ামী লীগের দুজন।
প্রথম পর্বে যে ৯৭ উপজেলায় বুধবার ভোট হবে, তার মধ্যে চট্টগ্রামের এ দুটি উপজেলা রয়েছে।
দুই এলাকার প্রার্থী আর ভোটাররা জমজমাট ভোটযুদ্ধের প্রত্যাশা করছেন। স্থানীয় নির্বাচনের ভোটারের উপস্থিতিও উল্লেখযোগ্য হবে বলে আশা তাদের।
এবার হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোট ছয়জন। এদের মধ্যে তিনজন আওয়ামী লীগ, দুজন বিএনপি এবং একজন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত।
প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল, ধলই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল মনছুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নাজিম উদ্দিন, কৃষক লীগ নেতা ফয়েজুল ইসলাম এবং জাতীয় পার্টির নুরুল আবছার চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগ, তিনজন বিএনপি ও একজন ইসলামী ঐক্যজোটে যুক্ত।
তারা হলেন- পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উদয় কুমার সেন, আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও নুরুল আবছার, বিএনপির আইয়ুব খান, মোহাম্মদ জসিম উদ্দিন ও রেজাউন নুর সিদ্দিকী এবং ইসলামী ঐক্যজোটের নাসির উদ্দিন।
পাঁচ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, মরিয়ম বেগম, আওয়ামী লীগের সৈয়দা সাহেদা সুলতানা, বিএনপির মাহফুজা নূরী ইউসুফ এবং জামায়াতে ইসলামীর মনোয়ারা বেগম।
জমজমাট ভোটের লড়াইয়ে নানা রকম আশঙ্কার কথাও জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বর্তমান চেয়ারম্যান ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তবে একজন প্রার্থী অনেক বড়লোক। রাতের আঁধারে তিনি অনেক টাকা খরচ করছেন।
আরেক প্রার্থী মাহবুবুল আলম বলেন, সার্বিক অবস্থা ভাল। কিন্তু বিভিন্ন এলাকায় বহিরাগতরা প্রবেশ করে ভোটারদের হুমকি দিচ্ছে বলে জানতে পেরেছি। চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, সব কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন দায়িত্ব পালন করছে।
“বহিরাগত প্রবেশ বা ভোটারদের হুমকি দেয়ার বিষয়ে কোনো প্রার্থী এখনো কোনো অভিযোগ করেননি।”
হাটহাজারী উপজেলার ১০৬টি কেন্দ্রে ভোট দেবেন ২ লাখ ৬৫ হাজার ৩৯৮ জন।
মিরসরাইয়ে আ. লীগের দুই প্রার্থী, বিএনপির এক
মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও সাংবাদিকরা।
এই পদে বর্তমান চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দলের সমর্থন পাননি। বিদ্রোহী প্রার্থী হিসেবেই লড়ছেন তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সাংসদ ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও আতাউরের পক্ষে।
এদিকে দলের একক প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন।
বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কর্মীদের এবং ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে জানালেও তারা নির্বিকার।”
বিএনপির প্রার্থী নুরুল আমিনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে একই ধরনের অভিযোগ করেন।
“কী হয়, তা আগামীকালই দেখতে পারবেন। তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভুঁইয়া বলেন, “এ ধরনের কোনো অভিযোগ কেউ আমাদের কাছে করেননি। তবে ইতোমধ্যে সব কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
মিরসরাইয়ের ৯৬টি কেন্দ্রে এবারের ভোটার ২ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন।
ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে লড়বেন বিএনপির একজন।
দলীয় সমর্থনে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। দলের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ। বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুদ্দিন মাহমুদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থীই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, ইয়াসমিন শাহীন কাকলী এবং ইসমত আরা ফেন্সী।
