বৃষ্টিভেজা বইমেলায় কেনাবেচা বেড়েছে
ফাল্গুনের হিমেল হাওয়া ও বৃষ্টিভেজা বইমেলায় ভিড়ভাট্টা কমার পাশাপাশি বেচাকেনা বেড়েছে।
সোমবার লোক সমাগম কম হলেও মেলায় যারা এসেছেন তাদের বেশিরভাগই ক্রেতা বলে জানান প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
প্রকাশনা সংস্থা ঐতিহ্যের কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, “আজকে তুলনামূলকভাবে দর্শক-ক্রেতা কম এটা সত্যি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা মেলায় এসেছেন তাদের বেশিরভাগই ক্রেতা।”
মেলায় ঐতিহ্যের স্টলে ক্রেতাদের ভিড় রয়েছে এবং আগের মতোই বই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
দেশের পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টলেও দেখা যায় ক্রেতাদের ভিড় দেখা যায়। এবছর মেলায় আসা নতুন ১৬টি অনুবাদ গ্রন্থ ভালো বিক্রি হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির স্টোর ইনচার্জ শাহ আলম মানিক।
তিনি বলেন, “অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিক্রি হচ্ছে আর্কাদি গাইদার রচিত ‘ইশকুল’ নামক উপন্যাসটি। যা অনুবাদ করেছেন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়।”
এছাড়াও কবীর চৌধুরী অনুদিত ‘প্রাচীন গ্রিসের বীর কাহিনী’, আলেক্সান্দর রাস্কিনের রচনা ও ননী ভৌমিকের অনুদিত ‘বাবা যখন ছোট’ গ্রন্থটিও ভালো বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
বৃষ্টির কারণে মেলা প্রাঙ্গণের কোনো কোনো জায়গায় কাদা দেখা গেলেও তা আগত ক্রেতা ও দর্শনার্থীদের তেমন সমস্যায় ফেলেনি।
এ প্রসঙ্গে শাহ আলম বলেন, “পাঠক-ক্রেতাদের কাছে বৃষ্টি কোনো বিষয় নয়। এসব দিনে মূল পাঠক এবং ক্রেতারাই মেলায় বই কিনতে আসেন। কারণ তারা তাদের সময় নিয়ে পছন্দমতো তাদের বই কিনতে পারেন।”
প্রকাশনা সংস্থা অবসরের ব্যবস্থাপক মাসুদ রানাও সোমবারের কেনাবেচায় সন্তুষ্ট বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
গাজীপুর থেকে মেলায় বই কিনতে এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা পারভিন।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ভক্ত এই পাঠক কিনেছেন তার লেখা সর্বশেষ উপন্যাস ‘লীলাবতির মৃত্যু’।
যেকোন কিছুর বিনিময়ে তিনি হুমায়ুনের সব বই নিজের সংগ্রহে রেখে পড়তে চান এই পাঠক। প্রয়াত এ লেখক রচিত প্রায় সব গ্রন্থই সংগ্রহে আছে বলে জানান রোকসানা।
এছাড়াও তিনি অনুবাদ গ্রন্থ পড়তে অত্যন্ত পছন্দ করেন। তাই দিব্যপ্রকাশ প্রকাশিত অনুবাদ গ্রন্থ ‘দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন’ এবং নান্দনিক প্রকাশিত অনুবাদ গ্রন্থ ‘ব্লাইন্ড উইলো স্লিপিং গার্ল’ নামক দুইটি বই কিনেছেন।
১৭তম দিনে শেষে নতুন বই এসেছে মোট ৫৮টি। যার মধ্যে গল্প ৬ টি, উপন্যাস ৮ টি, প্রবন্ধ ২ টি, কবিতা ২১ টি, গবেষনা ৩টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৭টি, জীবনী ১ টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ ১ টি, রম্য ১ টি ও অন্যান্য বিষয়ের উপর ৩টি।
এনিয়ে মেলার এখন পর্যন্ত মোট ১৪৯৭ টি নতুন বই এসেছে।
