আল কায়েদার অডিও বার্তায় জামায়াত-হেফাজতের হাত রয়েছে: গণজাগরণ মঞ্চ
বাংলাদেশকে হুমকি দিয়ে আল কায়েদার অডিও বার্তার পেছনে জামায়াত ও হেফাজতের হাত রয়েছে বলে দাবি করে সংগঠন দুটিকে নিষিদ্ধের জন্য আবারো দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
সোমবার সন্ধ্যায় এক প্রতিবাদী মশাল মিছিল শেষে মঞ্চের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মিছিলটি সন্ধ্যা পৌনে ৭টায় শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে হোটেল রুপসী বাংলা মোড় হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত ও হেফাজত যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাতে এ বিষয়ে আর কোন দ্বিধা থাকে না যে তারা একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী সংগঠন।
“এতোদিন তারা মুখোশ পরে ছিল। এ অডিও বার্তার মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।”
এসময় যে ওয়েবসাইটে অডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে তা আল-কায়েদার একটি প্রতিষ্ঠিত ওয়েবসাইট বলে মন্তব্য করেন ইমরান।
তিনি বলেন, “যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে তা কোনোদিন আল-কায়েদার ঘাঁটি হতে পারে না। আবার যদি কোনো আঘাত আসে তাহলে তরুণ সমাজ আবার আগের মতোই তা প্রতিহত করবে।”
