মহাদেবপুরে দুই দলের একাধিক প্রার্থী
প্রথম পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি নওগাঁর রাণীনগর ও মহাদেবপুর উপজেলায় ভোটগ্রহণ হবে।
স্থানীয় নির্বাচন নির্দলীয় হলেও উপজেলা নির্বাচন দলীয় লড়াইয়ে রূপ নিয়েছে। শুধু দলীয় প্রতীক ছাড়া আর সবকিছুই চলছে দলীয়ভাবে।
প্রার্থীদের পক্ষে দলগুলো সভা-সমাবেশ করছে। দলীয়ভাবে প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ ১৮ দল অংশ না নেওয়ায় সে সময় ভোটের হাওয়ায় মেতে ওঠেনি এলাকা। তবে উপজেলা পরিষদের নির্বাচনে পরিস্থিতি উল্টে গেছে।
সব দল অংশ নেওয়ায় নির্বাচন হয়ে উঠেছে উৎসবমুখর।
রাণীনগরে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন।
এরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিদায়ী চেয়ারম্যান ও দলের উপজেলা যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন হেলাল দোয়াত-কলম মার্কা নিয়ে এবং বিএনপির সমর্থিত ও থানা বিএনপির সভাপতি এসএম আল ফারুক জেমস আনারস মার্কা নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন।
ভাইস্ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিদায়ী ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল্লাহ মিঞা (চশমা), বিএনপি সমর্থিত থানা যুবদলের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন (তালাচাবি), জামায়াতে ইসলামী সমর্থিত দলের উপজেলা কর্মী হারুনূর রশিদ (টিউবওয়েল) এবং জাতীয় পার্টির সমর্থিত থানা জাপার সদস্য আব্দুল লতিফ (বাল্ব) দাঁড়িয়েছেন।
মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সর্মথিত বিদায়ী ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য ফরিদা বেগম(হাঁস), বিএনপি সমর্থিত বিএনপি কর্মী ছনিয়া ইসলাম(কলস) এবং থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা তহমিনা আক্তার রুহি (ফুটবল)।
উপজেলার ৮টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ৪শ ৬১ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৬৫ হাজার ৫৪১ জন এবং নারী ভোটার ৬৫ হাজার ৯২০ জন।
রক্তাক্ত জনপদ হিসাবে খ্যাত রানীনগর উপজেলায় মহাজোট সরকারের সময় গত ৫ বছরে রাজনৈতিক ও সর্বহারা-জেএমবির হাতে একটি মানুষও হত্যাকাণ্ডে শিকার হয়নি। এলাকায় এখনও শান্তি বিরাজ করছে।
এই সাফল্যকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এলাকার শান্তি-শৃংখলা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের সহানুভূতি পেতে চেষ্টা চালাচ্ছেন।
রানীনগরে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন থাকলেও শেষ পর্যন্ত চশমা ও তালা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন অনেকে।
চশমার প্রতীকের ক্লিন ইমেজ ও দলের একক প্রার্থী হিসাবে তার নির্বাচিত হবার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন এলাকার ভোটার ও কর্মী সমর্থকরা।
মহিলা ভাইস চেয়ারম্যার পদে বিএনপির কলসকে শক্তভাবেই মোকাবেলা করছেন আওয়ামী লীগের হাঁস মার্কা।
একইভাবে বিএনপি সমর্থিত প্রার্থীরা এলাকার ব্যাপক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবি দশম জাতীয় সংসদে নির্বাচনে যারা ভোট দেননি, তারাই এবার ভোট দিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করবে।
মহাদেবপুর উপজেলা পরিষদের নির্বাচন
মহাদেবপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন (দোয়াত কলম), আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন (চিংড়ি মাছ), বিএনপি সমর্থিত থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু (ঘোড়া), বিএনপির তৃনমূল নেতা দাবিদার উপজেলার পরিষদের বিদায়ী চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর (হেলিকপ্টার), হিন্দু জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি প্রলয় কুমার মন্ডল মুক্তি (মোটর সাইকেল) ও বাসদের উপজেলা সমন্বয়ক কালিপদ সরকার (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একইভাবে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এসএম আতিকুর রহমান মুনু (সদস্য), আওয়ামী লীগের সমর্থিত ও থানা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল (বাল্ব), আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় সদস্য আশেক এলাহী (টিয়া), বিএনপির সমর্থিত ও থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. সাজ্জাত হোসেন (উড়োজাহাজ), উপজেলা জামায়াতের সদস্য রফিকুল ইসলাম (মাইক) ও নির্দলীয় প্রার্থী এনামূল হক সরদার (চশমা) লড়াইয়ে নেমেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ও থানা আওয়ামী লীগ সদস্য হাসিনা বিশ্বাস(কলস), আওয়ামী লীগ কর্মী রাজিয়া সুলতানা(বৈদি্যুতিক পাখা), বিএনপি সমর্থিত মর্জিনা খাতুন(ফুটবল), নির্দলীয় মোসাঃ তহমিনা রহমান নার্গিস(হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলায় প্রধান দুটি দলের একাধিক প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত চেযারম্যান পদে চিংড়ি মাছ, হেলিকপ্টার ও ঘোড়া প্রতীকের মধ্যে ত্রিমুরখী লড়াই হবে বলে ভোটাররা মনে করেছেন।
উপজেলার ১০ ইউনিয়নের ৬২টি ভোটকেন্দ্রে ২ লাখ ৬ হাজার ৫৫৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৬৯১ জন ও নারী ১ লাখ ৩ হাজার ৮৬৬ জন।
উপজেলা নির্বাচনকে ঘিরে মাইকে প্রচারের পাশপাশি পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে দুই উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে উৎসব উৎসব ভাব।
প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে জনপদ থেকে জনপদ ছুটে বেড়াচ্ছেন।
ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে গ্রামে-গঞ্জের মোড়ে, হাট-বাজার ও চাস্টলে সব স্থানে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
যে প্রার্থী এবার সৎ-যোগ্য, এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন বাক্সে তার পক্ষেই ভোট পড়বে বলে ভোটার জানিয়েছেন।
শান্তিপূর্ণ ও নিবিঘ্নে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।
