২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূলের তোপে বাঘায় বিএনপির প্রার্থী বদল

তৃণমূল নেতাকর্মীদের তোপের মূখে বাঘায় উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বদল করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত পাঠানো এক ফ্যাক্স বার্তায় বাঘা উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী পরিবর্তন সহ ৫টি উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা দেয়া হয়েছে। রোববার এ বার্তাটি পাঠান তিনি।

এতে বাঘা উপজেলায় বিএনপির দলীয় সমর্থন বিদায়ী ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের পরিবর্তে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে দেয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে কিছু জানা নেই বা তার কাছে কোন চিঠি আসেনি বলে জানান স্থানীয় সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান।

দ্বিতীয় দফার তফসিলে আগামী ২৭ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সুত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি উপজেলার দলীয় কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের প্রার্থী বাছাই সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ আজিজুর রহমানসহ জেলার নেতারা।

সভায় দলীয় প্রার্থী নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিলে কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

পরে গত ৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামরুল মনির স্বাক্ষরিত এক আদেশে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে দলীয় সমর্থন দেয়া হয়।

তবে জেলা বিএনপির এ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করে জেলার নেতাদের বিরুদ্ধে সমর্থন বাণিজ্যের অভিযোগ তুলে নাদিম মোস্তফা ও আজিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে। একই সঙ্গে তারা অভিযোগ করেন দলের হাই কমান্ডে।

এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোনে জেলার সভাপতি নাদিম মোস্তফাকে পাওয়া যায়নি।

তবে আজিজুর রহমান বলেন, “বাঘার প্রার্থী পরিবর্তনের কোন আদেশ তাদের কাছে আসেনি বা এ ব্যাপারে তাদের কিছু জানা নেই।

তাদের সমর্থিক প্রার্থী আব্দুল্লাহ আলম মামুন বলে জানান তিনি।

অন্যদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশ রোববার সন্ধ্যায় তারা পেয়েছেন।

“সেখানে রাজশাহীর পাঁচটি উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী নাম ঘোষণা দেয়া হয়েছে।

“এর মধ্যে বাঘায় অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোহনপুরে অধ্যক্ষ আব্দুস সামাদ, তানোরে এমরান আলী মোল্লা, গোদাগাড়ীতে ইছাহাক আলী ও চারঘাটে আবু সাঈদ চাঁদ।”

জেলা বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, নাদিম মোস্তাফার সাথে হারুনুর রশিদের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে অধ্যাপক জাহাঙ্গীরের নাম উল্লেখ করে একটি চিঠি পাঠিয়েছে।

বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে থাকবেন বলে জানান তিনি।