শরীয়তপুরে আ. লীগের প্রার্থী বাছাইয়ে ‘অনিয়ম’
তৃতীয় পর্যায়ে উপজেলা নির্বাচনে শরীয়তপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন দলের মনোনয়ন বঞ্চিতরা।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন চার চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত রফিকুল ইসলাম কোতোয়াল ও মেহেদী জামিল জানান, সদর উপজেলায় দলের একক প্রার্থী চূড়ান্ত করার জন্য গত ১৪ ফেব্রুয়ারি বিকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে তৃনমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্যের পর হঠাৎ তৃণমূলের নেতাকর্মীর মতামত না নিয়ে জেলা পর্যায়ের কয়েকজন নেতা দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল হাসেম তপাদারকে মনোনয়ন দেন।
এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসোন্তষ বিরাজ করছে বলে জানান তারা।
এর পরিপ্রেক্ষিতে সদরে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার, কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল, উপ-কমিটির সহ-সম্পাদক মেহেদী জামিল, জেলা দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন হাওলাদারসহ ৮ জন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রব মুন্সী বলেন, সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন চূঢ়ান্ত করা হয়েছে।
