২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপসিয়ায় বিএনপির ঘাড়ে ভার কম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পর জমে উঠেছে প্রচার কাজ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

লিফলেট পোস্টারে ছেয়ে গেছে সব জায়গা। চলছে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ,সভা-সমাবেশ, মাইকিং।

স্থানীয় সরকার নির্বচান অরাজনৈতিক হলেও কাপাসিয়ায় আওয়ামীলীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

গাজীপুর-৪ কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির ঢাকার বনানীর বাড়িতে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বর্ধিত সভায় দলের সমর্থন দেয়ার বিষয়টি ঠিক হয়।

চেয়ারম্যান পদে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী রেজাউর রহমান লস্কর মিঠু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রওশন আরা সরকারকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহর উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা নির্বাচনে তিনজন প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়টি ঠিক করা হয়।

তারা হলেন, চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান পদে ফকির ইস্কান্দার আলম জানু, মহিলা চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী ও তরগাঁও ইউপির চেয়ারম্যান খলিলুর রহমানের স্ত্রী শামসুন নাহার ডেইজী।

এছাড়াও, চেয়ারম্যান পদে বিদায়ী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রুহুল আমিন এবং ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আইনজীবী আমানত হোসেন খান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা সেফাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদের গত উপ-নির্বাচনে এব দশম সংসদ নির্বচানে বিএনপি অংশ না নিলেও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।

এদিকে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগকে লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন অনেক ভোটার।

উপজেলার ১১টি ইউনিয়ন শীতলক্ষ্যা নদীর পারে। নদীর দক্ষিণ পারের ৩ ইউনিয়নে বিএনপির ভোট বেশি। এপাড়েই আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি।

অপরদিকে উত্তর পাড়ে আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রুহুল আমিনের বাড়ি।

নির্বাচনে নদীর এ পার-ওপার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

১১টি ইউনিয়নের মধ্যে ৬টিতে বর্তমানে বিএনপি সমর্থিত চেয়ারম্যান রয়েছে। বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাদের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

তাছাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে বিএনপিতে দলীয় কোন্দল না থাকায় তারা সুবিধাজনক অবস্থায় রয়েছে।