২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি নিয়ে সংঘর্ষে বিদ্যুৎ শ্রমিক লীগ

কুমিল্লার একজন গাড়িচালককে বদলি করা নিয়ে মতিঝিলে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার দুপুরে মতিঝিল বিদ্যুৎ কার্যালয়ের এই সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। এই সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করলেও পুলিশে যায়নি কেউই।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের মাথায়ই জখম রয়েছে।

আহতদের মধ্যে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র সিবিএ’র সহ-সভাপতি মফিজ উদ্দিন (৫৫) এবং সুনামগঞ্জ বিদ্যুত কেন্দ্র সিবিএ’র সাধারণ সম্পাদক মো আতিকুল ইসলাম (৪০) রয়েছেন।

আহত অন্যরা হলেন- ইউনুস দেওয়ান (৪৭), নজরুল ইসলাম বাচ্চু (৪০), রমিজ উদ্দিন (৫০), আসাদুজ্জামান (৪২),আব্দুর রহিম (৪২) ও আনোয়ার হোসেন (৫০)।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ শ্রমিক লীগের কুমিল্লা জেলার সাবেক কার‌্যকরি সভাপতি গাড়িচালক কবির হোসেনকে রোববার দিনাজপুর বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে বদলি করা হয়।

“এই বদলি বাতিলের অনুরোধ জানাতে আমরা কয়েকজন কর্মচারী পরিদপ্তরের পরিচালক আব্দুল হালিমের কাছে যাই। কিন্তু তিনি জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ সিবিএ’র সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও তার দলবলকে ডেকে এনে আমাদের ওপর হামলা চালান।”

অন্যদিকে সিবিএ সভাপতি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ বিভাগে সাড়ে ৬ হাজার কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত এবং ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং বিদ্যুৎ বিভাগকে কোম্পানি করার পরিকল্পনা বাতিলের দাবিতে তারা মিছিল করছিলেন।

“মিছিলটি বিদ্যুৎ ভবনের বিভিন্ন তলা ঘোরার সময় সাধারণ সম্পাদকসহ তার ভাড়াটিয়া লোকজন মিছিলে হামলা চালায় এবং ভবনের দরজা-জানালা ও ফুলের টব ভাংচুর করে।”

বদলির সুপারিশ নিয়ে সাধারণ সম্পাদকের যাওয়ার খবরটি পরে জেনেছেন দাবি করে সভাপতি জহিরুল বলেন, “যদি কেউ বদলি হয়, তা হলে তা নিয়মানুযায়ী হয়েছে। এখানে তাদের তদবিরের প্রয়োজন কী?”

সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই বলেছেন, তারা এই হামলার ঘটনায় আইনের আশ্রয় নেবেন।

এই বিষয়ে জানতে মতিঝিল থানার ওসি জিএম ফরমান আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারামারি ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু কাউকে পায়নি।

“সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। আভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে কর্মচারী পরিদপ্তরের পরিচালক আব্দুল হালিমের মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি ধরেননি। এসএমএস  পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।