২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি-জামায়াতকে হুমকির অভিযোগ  

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় নেতাকার্মীরা বিএনপি ও জামায়াত সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:20 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

তবে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।

সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবদুর রহীম জানান, তার নিজের (১৯ দল সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলেখা আক্তার ডেইজির পক্ষে গণসংযোগ করায় ইউনিয়নের কেএম হাটে ফরহাদনগর ইউনিয়নের জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল খায়েরের উপর অতর্কিত হামলা করে মারধর করে আওয়ামী লীগ-যুবলীগ কর্মীরা।

পরে আহত অবস্থায় আবুল খায়েরকে বোগদাদিয়া পুলিশের কাছে সোপর্দ করে যুবলীগ কর্মীরা।

আবুল খায়েরের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান তিনি।

লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস কোরাইশি জানান, লেমুয়ার উত্তর চাঁদপুরে ১৯ দলীয় প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলছে আওয়ামী লীগ কর্মীরা। চাঁদপুর এলাকার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে সরকার দলীয় নেতারা।

সদর উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করছেন। প্রচার প্রচারণাসহ বিভিন্নভাবে নির্বাচন কমিশনের আচারণবিধি মানছেন না তারা।

তবে তিনি এসব বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে লিখিত কোনো অভিযোগ দেননি বলে জানান।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান জানান, তার দলের কোনো নেতাকর্মী কাউকে প্রচারণায় বাধা দেয়নি কিংবা কারও পোস্টারও ছিঁড়েনি। এলাকারা কোনো ছেলেপেলে তা করে থাকতে পারে।

এছাড়া তার নিজেরও কিছু পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে তিনি জানান।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো প্রার্থীর লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দ্বিতীয় দফা নির্বাচনে আগামী ২৭ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।