দিনাজপুরে আলীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী পারভেজ কবিরের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, পারভেজ উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং লিয়াকত সাধারণ সদস্য।
কেন্দ্রের নির্দেশে গঠনতন্ত্র অনুযায়ী লিয়াকতকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি বিরামপুর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
