বেনাপোলের নিহত ৭ শিশুকে স্মরণ
যশোরে বাস খাদে পড়ে নিহত সাত শিশুর স্মরণে শার্শা উপজেলার প্রতিটি বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠান চলাকালে অভিভাবক ও নিহত শিক্ষার্থীদের সহপাঠীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
গত শনিবার রাতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পিকনিক বাস মেহেরপুর থেকে ফেরার সময় যশোরের চৌগাছা উপজেলায় রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে সাত শিশুর মৃত্যু হয়।
সাত শিশু হারানোয় পৌরসভায় তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন মেয়র আশরাফুল আলম লিটন।
এছাড়া নিহতদের স্মরণে সোমবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে বিশেষ দোয়া করার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত সাত শিশুর স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এর আগে জাতীয় ও কালো পতাকা ওড়ানো হয়।পরে সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শার্শা উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচিতে যোগদান করেন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজনুর রহমান বলেন, নিহত সাত শিশুর স্মরণসভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রকিব উদ্দিন, পৌর কমিশনার মিজানুর রহমান, নূরুনাহার আন্না, নিহত সাত শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা উপস্থিত ছিলেন।
স্বরণসভায় অভিভাবকরা উপস্থিত হওয়ার পর হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।সহপাঠী শিশুরা বন্ধুদের বাবা-মাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সাহায্যেরেআবেদন জানান।
শনিবার রাতে নিহতরা হল বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের সৈয়দ আলির দুই মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে ৫ম শ্রেণির শান্ত, ইউনূস আলির মেয়ে ৫ম শ্রেণির মিথিলা ওরফে মিতালী, কালুমিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী রুনা, গাজীপুরের সেকেন্দার আলি ছেলে ৪র্থ শ্রেণির সাব্বির হোসেন ও নামাজ গ্রামের হাসান আলির মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী আঁখি।
