২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সরকারি আইনজীবীকে হাই কোর্টে তলব

একটি হত্যা মামলায় দীর্ঘদিনেও সাক্ষী হাজির করতে না পারায় হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর ও এক সহকারী পাবলিক প্রসিকিউটরকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

১৯৯৯ সালের ৩০ মে মো. শামীম সোবহান নামে এক ব্যক্তিকে খুনের মামলার আসামি দত্ত বাবু ওরফে বাবু ওরফে আনিসুজ্জামান তার বিরুদ্ধে মামলার কার‌্যক্রম বাতিলের আবেদন করলে শুনানির এক পর‌্যায়ে হাই কোর্ট এই আদেশ দেয়।

শাহজাহানপুর রেল কলোনীর পাশে কাসেম নামের এক ‘সন্ত্রাসী’ ও তার সঙ্গীরা শামীমকে কুপিয়ে হত্যা করে বলে মামলার অভিযোগে বলা হয়। ২০০২ সালের ২৫ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

আদালতে দত্ত বাবুর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মোহাম্মদ সিরাজুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

আদেশের পর মামুনুর রশীদ বলেন, ৫ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলা বিচারাধীন। ওই আদালতের এপিপি ও মহানগর আদালতের পিপিকে আগামী ৪ মার্চ আদালতে আসতে হবে। ওই দিন মামলা বাতিলের আবেদনের পরবর্তী শুনানি হবে।

অভিযোগ গঠনের পর ১২ বছর পেরিয়ে গেলেও কেন সাক্ষ্যগ্রহণ হয়নি- ১৫ দিনের মধ্যে আদালতকে তা লিখিতভাবে জানাতে বলেছেন বিচারক।