দামুড়হুদায় ব্যবসায়ীর বাড়িতে হামলা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, রোববার রাত ১০টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামে ‘এম এম ফিলিং স্টেশনের’ মালিক আব্দুল মালেকের বাড়িতে এ হামলা হয়।
দুর্বৃত্তরা মালেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং ছয়টি হাতবোমা ফাটায়।
মালেকের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের বেলা ৭/৮ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। তারা অস্ত্রের মুখে গৃহকর্তাসহ বাড়ির লোকদের জিম্মি করে এবং কুপিয়ে জখম করে।”
এক পর্যায়ে মালেক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ওসি বলেন, ঘটনাটি ডাকাতি কি-না তা স্পষ্ট নয়। মালেক কিছু নগদ টাকা খোয়া গেছে বলে জানালেও টাকার পরিমাণ নির্দিষ্ট করে জানাতে পারেননি।
আহত মালেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
