চট্টগ্রাম ইপিজেডে সাইকেল শ্রমিকদের কর্মবিরতি
বকেয়া পাওনার দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিদেশি মালিকানাধীন একটি বাইসাইকেল কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের (গোয়েন্দা) পরিদর্শক আরিফুর রহমান বলেন, সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ায় দুপুর দেড়টার দিকে তারা কাজে যোগ দেন বলে জানান তিনি।
আরিফুর রহমান বলেন, “সকালে ইপিজেডের ৫ নম্বর সেক্টরে তাইওয়ানের ‘এলিটা বিডি লিমিটেড’ নামে ওই প্রতিষ্ঠানের অন্তত ৩০০ শ্রমিক কর্মবিরতি শুরু করেন।
“নতুন স্কেল অনুযায়ী জানুয়ারি ও ডিসেম্বর মাসের বকেয়ার দাবিতে তারা কাজ বন্ধ রেখে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন “
“পরে শিল্প পুলিশের পরিচালক তবারক উল্লাহসহ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের কারখানার ভেতরে পাঠিয়ে দেন। শ্রমিকরা কারখানায় ঢুকে গেলেও কাজ বন্ধ রাখেন।”
বিক্ষোভের মুখে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে মালিকপক্ষ। পরে বেপজা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সঙ্গেও মালিক-শ্রমিকদের আলোচনা হয়।
এসব বৈঠকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফ।
