২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে চিকিৎসায় ছাড় পাবেন চট্টগ্রাম ক্লাবের সদস্যরা

সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের নিয়ন্ত্রণাধীন চারটি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন চট্টগ্রাম ক্লাবের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:51 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার চট্টগ্রাম ক্লাবের সঙ্গে পার্কওয়ে হাসপাতালের এ বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তিতে সই করেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান ওমর ফারুক ইউসুফ ও পার্কওয়ে হাসপাতালের প্রধান বিপণন কর্মকর্তা এলভিন নিও।

ক্লাব কর্তৃপক্ষ জানান, এই চুক্তির আওতায় মাউন্ট এলিজাবেথ, মাউন্ট এলিজাবেথ নভেনা, গ্ল্যানিগেল এবং পার্কওয়ে ইস্ট হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন চট্টগ্রাম ক্লাবের সদস্যরা।

এই সুবিধা পেতে ক্লাবের সদস্যদের পেশেন্ট অ্যাসিসটেন্ট সেন্টার চট্টগ্রামে যোগাযোগ করতে হবে।

পার্কওয়ে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এশিয়ার শীর্ষতম পার্কওয়ে হাসপাতালটি এক হাজার শয্যার অধিক ধারণক্ষমতা সম্পন্ন।

এক হাজার ২০০ বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে পার্কওয়ে তাদের চারটি পৃথক হাসপাতাল এবং চট্টগ্রামসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের ৩৫টি পেশেন্ট অ্যাসিসটেন্ট কার্যালয়ের মাধ্যমে ৪০ বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, ক্লাবের সাবেক চেয়ারম্যান কাশেম চৌধুরী বক্তব্য রাখেন।

এসময় পার্কওয়ে হাসপাতালের কান্ট্রি ম্যানেজার স্টিভেন মগ লিভ হাং, পেশেন্ট অ্যাসিসটেন্ট পরিচালক মনোয়ার শাহদাত, বিপণন ব্যবস্থাপক সিদরাতুল মুনতাহা মিশমা, চট্টগ্রাম ক্লাবের ভাইস চেয়ারম্যান শোভন এম সাহাবুদ্দিন, জেনারেল কমিটির সদস্য শাহজাদা আলম, সায়েদুল আনোয়ার, মঞ্জুরুল আলম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।