সুন্দরবন দিবসে খুলনায় নানা আয়োজন
গান, আলোচনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’- এই শ্লোগানকে সামনে নিয়ে শুক্রবার এ দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দুপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ের স্কুলের ছাত্র-ছাত্রীদের সুন্দরবন ভাবনা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষকে মায়ের মতো আগলে রাখে।
তিনি সুন্দরবনের মৎস্য সম্পদসহ সুন্দরবন রক্ষায় সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।
এবারের সুন্দরবন দিবসের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছে সুন্দরবন একাডেমি। সহযোগী আয়োজক ছিল জেলা প্রশাসন, বন বিভাগ, খুলনা প্রেসক্লাব, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, রিলিফ ইন্টারন্যাশনাল, জিআইজেড, ওয়াইল্ড টীম ও রূপান্তর।
অনুষ্ঠানে সুন্দরবন বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রূপান্তর থিয়েটারের শিল্পীরা।
২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক সংগঠন সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে।
ওই সম্মেলন থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেয়া হয়।
