২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান উৎসব শুরু

শিল্পী এসএম সুলতানের স্মৃতিবিজড়িত নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী সুলতান উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 10:24 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শহরের মাছিমদিয়ায় সুলতান সংগ্রহশালা প্রাঙ্গণে শিশুশিল্পীদের আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. গাফফার।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং উৎসবের ব্যবস্থাপনায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান মিলন জানান, সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে এসএম সুলতানের ছবির রেপ্লিকা প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পিঠা উৎসব ও শিল্প আড্ডার আয়োজন করা হয়েছে দুদিনের এই উৎসবে।

রাজনৈতিক অবস্থার কারণে গত বছরের অগাস্টে তার জন্তদিনের উতসব করা যায়নি বলে আয়োজকরা জানান।

এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ অগাস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু।

কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার।

স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে। সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে।

১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে।

আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর।