২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

সুন্দরবনের সুরক্ষাসহ কয়েকটি দাবির মধ্য দিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার সকালে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে বনবিভাগ, জেলা প্রশাসন ও প্রেসক্লাব যৌথভাবে এ আয়োজন করে।

২০০২ সাল থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে স্বাধীনতা উদ্যানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল ইসলাম, অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবীর এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার।

অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

আলোচনা সভা শুরুর আগে স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক সংগঠন সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে।

ওই সম্মেলন থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেয়া হয়।

আয়োজকরা শুরু থেকে এই দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছেন।