তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে যাওয়া ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। সাভারে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর হোটেলে ঢুকে পড়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক।
এছাড়া চুয়াডাঙ্গা সদরে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নলকা-হাটিকুমরুল মহাসড়কের পাচলিয়া বাজারে একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
“এরপর ট্রাকটি রাস্তার পাশে একটি মুদি দোকানে উঠে যায়। দোকানের পাশে দাঁড়িয়ে থাকা সোহেল রানা (২৮) নামের এক যুববক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
নিহত সোহেল রানা সলঙ্গা থানার তিননান্দিনা গ্রামের নিদান খানের ছেলে।
দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী আহত হয়েছেন এবং দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।
সাভার মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের কাছে বালুভর্তি একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে সঙ্গে এর সংঘর্ষ হয়।
“এসময় বাসটি মহাসড়কের পাশে আল-মাদানী হোটেলে ঢুকে পড়ে। এতে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা মফিজুল ইসলাম নামের এক অটোরিকশাচালক বাসের নিচে চাপা পড়েন।”
আহত হন বাসের চালক ও যাত্রীসহ ৭ জন।
পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মফিজুলের লাশ উদ্ধার করে।
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষে এক সাইকেলারোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শৈলমারি ও কোটালী গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নিহত সজীব হোসেন (২৫) শৈলমারি গ্রামের জুমার আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, ট্রলিটি কোটালী গ্রাম থেকে আখ নিয়ে দর্শনা যাচ্ছিল।
পথে শৈলমারি ও কোটালী গ্রামের মাঝে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইকেলারোহী সজীব নিহত হন।
লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।
