বিদ্যুৎ চুরির জন্য গাজীপুরে ৮ জনকে জরিমানা
মিটারে কারসাজি করে গাজীপুর মহানগরীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে আট জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মহানগরীর মোগর খাল,ভোগড়া,বাসনসড়ক এলাকায় অভিযান চালানো হয়।
মোগরখাল এলাকার নুরুল ইসলাম,আব্দুল মালেক,আব্দুল আজিজ ও মো.আলাউদ্দিন,ভোগড়া এলাকার সানোয়ার হোসেন,হাবিবুর রহমান এবং বাসন সড়ক এলাকার মো. আইয়ুব ও আব্দুল বাতেন মোল্লাকে ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম খালেদুল ইসলাম।
মিটারে কারসাজি করে অবৈধভাবে ব্যবহার করা বিদ্যুতের ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ ৪৯ হাজার দুইশ ৬৫ টাকা এবং জরিমানা হিসেবে ৮০ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম খালেদুল ইসলামসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
