সাভারে মুক্তিপণের টাকাসহ অপহরণকারী-চক্র প্রধান গ্রেপ্তার
সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিন অপহরণের হোতাকে মুক্তিপণের টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে গাজীপুরের বোর্ডবাজার এলাকার খরতৈল মহল্লা থেকে গ্রেপ্তার তরিকুল ইসলাম তসবির(৩৪) বাড়ি যশোর সদরের শহরপাড়া রোডে।
গত ২৩ জানুয়ারি হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয় রবিনকে। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ নেয় অপহরণকারী চক্র।
তসবির আগে এ ঘটনায় শফিকুল ইসলাম, আনোয়ার জাহিদ ও শাহনাজকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের এসআই তৌহিদুল ইসলাম জানান, খরতৈল মহল্লায় পুলিশ তসবির ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে একটি মিষ্টির প্যাকেটে রাখা মুক্তিপণের আট লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করে।
“২০ লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়েছিল বলে রবিনের পরিবার দাবি করলেও জিজ্ঞাসাবাদে তসবির জানিয়েছেন ১০ লাখ টাকা নিয়েছিলেন তিনি।”
তসবিকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছেন, রবিনকে অপহরণের পরিকল্পনা এক সপ্তাহ ধরে করেছিলেন তিনি।
গত ১৯ জানুয়ারি সকালে সাভারের বলিয়ারপুর এলাকার নগরকোণ্ডা গ্রাম থেকে অপহৃত হন প্রাইম ইউনভার্সিটির ২য় বর্ষের ছাত্র রবিন।
মুক্তিপণের টাকা দেয়ার পর সাভারের হেমায়েতপুরের জয়নাববাড়ি মহল্লার এজাজ উদ্দিনের বাড়ির একটি কক্ষ থেকে বাক্সবন্দি অবস্থায় রবিনকে উদ্ধার করা হয়।
অপহরণের ঘটনায় করা মামলায় ২৪ জানুয়ারি শফিকুল ইসলাম, আনোয়ার জাহিদ ও শাহনাজ গ্রেপ্তার হন।
