চট্টগ্রামে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট ও সদরঘাট থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নগরীর সদরঘাট কালিবাড়ির সামনে থেকে দুইজন এবং মাঝিরঘাট এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরমান হোসেন (২৫), মো. মামুন (২৬), মো. মুরাদ হোসেন (৩৫), মোহাম্মদ জসিম (২০), মো. বাছা (২১) ও মোহাম্মদ মুরাদ (২৩)।
সদরঘাট থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতির সময় মাঝিরঘাট এলাকা থেকে চারজন এবং কালিবাড়ির সামনে থেকে একই চক্রের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোর বেলায় রিকশায় করে পথচারীদের কাছ থেকে ছিনতাই করার কথা জানিয়েছে এবং ছিনতাইয়ের উদ্দেশ্যেই বেরিয়েছিল বলে তারা স্বীকার করেছে।
এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
