খসরুর জামিনের মেয়াদ বাড়ল
গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের দুই মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
বন্দরনগরীর চকবাজার ও কোতয়ালী থানার এ দুটি মামলায় গত ২০ জানুয়ারি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন খসরু।
বৃহস্পতিবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে আবারো জামিন চাইলে দুই বিচারক মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন বাড়ান।
চকবাজার থানার মামলায় আমীর খসরু ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ দলের নয় নেতাকর্মীর জামিন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন মহানগর হাকিম নূরে আলম ভূইয়া।
আর মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান কোতয়ালি থানার মামলায় খসরু, শাহাদাতসহ ১৪ জনের জামিনের মেয়াদ একই তারিখ পর্যন্ত বাড়িয়ে দেন।
এছাড়া আকবর শাহ থানার আরেক মামলায় ডা. শাহাদাতসহ নয়জন এবং ইপিজেড থানার একটি মামলায় ১২ জনকে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন দিয়েছে আদালত।
আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি মামলায় আমীর খসরু এবং ডা. শাহাদাত তিন মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের আদেশেই তারা এবং অন্য নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন।”
গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এসব মামলা দায়ের করে।
