২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা 

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবলীগকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 01:33 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মসজিদ বাড়ির রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহাদাত হোসেন টিপু একই উপজেলার গোপালপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন বলেন,

শাহাদাত যুবলীগের কর্মী ছিলেন।

এই হত্যাকাণ্ডের জন্য বিএনপিকর্মীদের দায়ী করেন সালাউদ্দিন।

শাহাদাতের বাবা হারুনুর রশীদ জানান, রাত ১২টার দিকে মোবাইলে ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর ফেরেনি।

সকালে তার লাশ উদ্ধারের খবর পান বলে হারুনুর রশীদ জানান।

তিনি বলেন, সন্ত্রাসীরা তার ছেলেকে গুলি করে মোটর সাইকেলটি নিয়ে গেছে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওয়াহেদ জানান, সকালে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শাহাদাতের পিঠে ও কোমরে দুটি গুলির চিহ্ন ছিল বলে জানান তিনি।

এসআই ওয়াহেদ বলেন, “তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে সে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”