২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের গ্রিল কাটতে এসে খেলনা পিস্তল ফেলে চম্পট

গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলায় জনতা ব্যাংকের জানালার গ্রিল কেটে চুরির চেষ্টা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 12:27 PM

Updated : 22 Aug 2022, 05:42 PM

প্রহরীর চিৎকারে পালানোর সময় চোরেরা খেলনা পিস্তল ও ছুরি ফেলে গেছে বলে বাঘা থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান।

তিনি বলেন, বুধবার রাত ৩টার দিকে আড়ানি পৌরসভা এলাকায় জনতা ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের নৈশ প্রহরী সাজেদুর রহমানের বরাত দিয়ে ওসি জানান, দুর্বৃত্তরা ব্যাংকের পিছন দিকের একটি জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। শব্দ শুনে সাজেদুর চিৎকার শুরু করলে চোরেরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। ব্যাংকের সেই জানালার সানসেটের ওপরে পাওয়া যায় একটি খেলনা পিস্তল, একটি ধারালো ছুরি ও এক টুকরো দড়ি।

এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিন বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা গ্রিল কাটার চেষ্টা করেছে, তবে ঢুকতে পারেনি।”

বিষয়টি তদন্ত করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে ওসি সমিত কুমার জানান।