সীতাকুণ্ডে সাগরতীরের লাশের পরিচয় মিলেছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর তীরে পাওয়া লাশটির পরিচয় জানতে পেরেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার এসআই মো. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া লাশটি ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি রাইস মিলের কর্মী অঞ্জন চৌধুরীর (৪৫)।
অঞ্জনের বাড়ি বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে ফৌজদারহাট লিংক রোডের কাছে সলিমপুরে সাগরতীরে লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সর্বশেষ অঞ্জনের সঙ্গে মোবাইলে কথা হয় তার স্ত্রীর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
