আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে
শীতের জড়তা ভেঙে কৃষ্ণচূড়া-পলাশের রাঙা হাসিতে চরাচরে ফিরে এলো প্রাণের উষ্ণতা।
বাতাসের ফিসফাসে বাজে রবি-গানের সুর- আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।
বাংলা পঞ্জিকা অনুযায়ী, বৃহস্পতিবার ফাল্গুনের প্রথম দিন, নিসর্গে ঋতুরাজের রঙিন শাসন শুরু।
আরেক বৈশাখে নতুন বছর শুরুর আগেই পুরনো পাতা ঝরে নবপত্রপল্লবে জেগে উঠবে বৃক্ষরাজি; ফুলে ফুলে সাজাবে উৎসব।
রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে নর-নারীর বাসন্তী সাজ মনে করিয়ে দিচ্ছে- ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকালে বসন্ত বরণের মূল অনুষ্ঠান শুরু হয় এসরাজ বাদনে। বর্ণিলসাজে নানা বয়সী মানুষের অংশগ্রহণে নাচে-গানে বরণ করে নেওয়া হয় ফাগুনকে।
নবযৌবনের ঋতুকে বরণ করে নিতে ফাগুনের প্রথম প্রভাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় সে উৎসব।
সকাল ৭টায় দলীয় নৃত্যের মাধম্যে শুরু হয়ে সকাল সাড়ে ৯টায় বসন্ত শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় বসন্ত উৎসবের প্রথম পর্ব। বকুলতলায় মূল মঞ্চে দলীয় নৃত্য, একক আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন আয়োজন ছিল পুরো সকাল জুড়ে।
সকাল ৯টায় বসন্তকথন পর্বে সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, “বসন্ত উৎসবে মানুষের বাগানে উপস্থিত হয়েছি। সবার পরনে বাসন্তি রঙের পোশাক। সবার মনে বাসন্তি প্রকাশ।”
যতোদিন এই অসাম্প্রদায়িক উৎসবের আয়োজন চলবে, ততোদিন কোনো সাম্প্রদায়িক অপশক্তি বিজয়ী হতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ, চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভি, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি সফিক উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
‘বসন্তকথন’ শেষে নতুন প্রজন্মের প্রতিনিধিরা অনুষ্ঠানের অতিথিদের হাতে ফুলের রাখি পরিয়ে দেন, কপাল রাঙিয়ে দেন আবীরে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইন্সিটিটিউটও আলাদাভাবে বসন্ত উৎসবের আয়োজন করে।
সকাল সাড়ে ৮টার দিকে বাণিজ্য অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী বসন্ত মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
মেহেদী উৎসব, নাগরদোলা, বায়োস্কোপ, বাদরখেলা, রম্যযাত্রা, পুঁথি পাঠসহ নানা আয়োজনে চলে দিনভর চলে এই মেলা।
বকুলতলায় উৎসবের বৈকালিক অধিবেশন শুরু হয় বেলা সাড়ে ৩টায়। বিকালে ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও বাহাদুরশাহ পার্কেও চলে বসন্ত উৎসবের নানা আয়োজন।
ফাগুনের প্রথম দিনে বসন্তের রঙ লেগেছে বইমেলাতেও। অন্যদিনে বিকাল ৩টায় মেলা শুরু হলেও এদিন দুপুরেই খুলেছে মেলার ফটক।
১৯৫২ সালে এমনই এক বসন্তের দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেক ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙালির রাষ্ট্রভাষার মর্যাদা আদায় হয়েছিল।
তারই স্মরণে প্রতি বছর এই ফেব্রুয়ারিতেই বাংলা একাডেমিতে বসে বাঙালির মননশীলতার উৎসব- অমর একুশে গ্রন্থমেলা।
