২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলাও ফাগুনের অপেক্ষায়

ঋতুরাজ বসন্ত ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ, তা পরশ বইমেলায়ও পড়ার অপেক্ষায় রয়েছেন প্রকাশকরা।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ফ্লাল্গুনের প্রথম দিন বৃহস্পতিবার বিক্রি অন্যান্য দিনের চেয়ে ভালো হবে বলে তারা আশা প্রকাশ করছেন। সেই সঙ্গে আগামী শুক্রবার বিশ্ব ভালবাসা দিবসেও তার ধারাবাহিকতা থাকবে বলে মনে করছেন তারা।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিও পহেলা ফাল্গুনে দুপুর ১২টা থেকে মেলা শুরুর ঘোষণা দিয়েছে, যা অন্য দিন শুরু হয় বিকাল ৩টায়।

ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদিও বইমেলায় আমাদের বিক্রি এই দুটো দিনের ওপরে নির্ভর করে না; তবুও আশা করা যায়, আগামী দুদিন মেলায় বিক্রি বেশ ভালোই হবে।”

অনুপম প্রকাশনীর মালিকও মিলন কান্তি নাথও সেই আশায় বুক বেঁধেছেন।

“এখন দেখা যাক, কী হয়,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক অনুপ দত্তও জানান, এই দুদিন ঘিরে তাদের প্রস্তুতি রয়েছে।

বসন্তের একদিন বাকি থাকলেও বুধবার বিকাল থেকেই মেলায় তার প্রভাব দেখা যায়।

বিকালে মেলার বিভিন্ন স্থানে যে দর্শনার্থীদের আড্ডা দিতে দেখা যাচ্ছিল, তার মধ্যে অনেক তরুণীর মাথায় ফুল ছিল, পরনে ছিল হলুদ পোশাক।

মেলার দ্বাদশ দিনে নতুন এসেছে ৮৮টি বই আর মোড়ক উন্মোচন করা হয়েছে ২৮টির। এর মধ্যে রয়েছে গল্প-৭টি, উপন্যাস-১৭টি, প্রবন্ধ-৪টি, কবিতা-২৩টি, গবেষণা-১টি, ছড়া-৫টি, জীবনী-৪টি, নাটক-২টি, বিজ্ঞান-২টি, ভ্রমণ-১টি, রম্য/ধাঁধা-৩টি, ধর্মীয়-১টি, অনুবাদ-১টি, সায়েন্স ফিকশন-১টি এবং অন্যান্য-১৬টি।

বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘বাংলার নবজাগরণে মোহাম্মদ রওশন আলী চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসরাইল খান। আলোচনায় অংশগ্রহণ করেন সাখাওয়াত আলী খান, শফিউল আলম এবং রহমান হাবিব। ।

সন্ধ্যায় মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ‘আরশিনগর বাউল সংঘ’। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ঝর্ণা সরকার এবং আয়েশা হক শিমু।