২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি গেলেন স্পিকার

দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 01:35 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার সকাল সোয়া ১০টায় জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে তিন দিনের এই সফরে শিরীন শারমিন চৌধুরী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং লোকসভার স্পিকার মীরা কুমারের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তিনি লোকসভার বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠকে করবেন বলেও জানানো হয়।

আওয়ামী লীগের গত মেয়াদের শুরুতে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টপাধ্যায়। তার ঠিক চার বছর পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।

১৫ ফেব্রুয়ারি শিরীন শারমিনের ঢাকা ফেরার কথা রয়েছে।